কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনের কাছে একটি ট্রেনের ইঞ্জিন বিকল ও আরেকটি ট্রেন লাইনচ্যুতির ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক।
রেলওয়ে সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের কাছে পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে। একই সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস গুণবতী স্টেশন পার হওয়ার পর রাত ৮টার দিকে চারটি বগি লাইনচ্যুত হয়।
ফলে আপ ও ডাউন—উভয় লাইনে ট্রেন আটকে পড়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে সম্পূর্ণভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক জানান, ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয় এবং বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে লাইন সচল করার কাজ করা হয়। পরে দুই ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, লাইনচ্যুত বগি সরানো এবং বিকল ইঞ্জিন অপসারণে দ্রুত ব্যবস্থা নেওয়ায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।


