এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে ভারতের বিপক্ষের ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক লিটন কুমার দাস। সোমবার দলীয় অনুশীলনে পাঁজরে টান খেয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। তার বদলি হিসেবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের প্রথম টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।
বাংলাদেশের একাদশে এসেছে চারটি বদল, লিটন বিশ্রামে। তার সাথে একাদশের বাইরে গেছেন শেখ মাহেদী হাসান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। একাদশে এসেছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব। ওদিকে ভারতে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। ওদিকে ভারতও হারিয়েছে পাকিস্তানকে। দুই ম্যাচ হারায় শ্রীলংকা কার্যত ছিটকে পড়েছে ফাইনালের দৌড় থেকে। তবে বাকি তিন দলই আছে ফাইনালের হিসাব নিকাশে।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান
ভারত একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সানজু স্যামসন (উইকেটকিপার), শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী


