বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা বাড়ানোর দাবিতে দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, নভেম্বরে এ ভাতা বাড়বে ৭ দশমিক ৫ শতাংশ। আগামী অর্থবছরের জুলাই থেকে বাকি ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে মোট বাড়বে ১৫ শতাংশ।
এ সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে অর্থ বিভাগ, দ্রুত এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষকদের দাবি অনুযায়ী চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানা যায় ওই সূত্রে।
বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘শিক্ষকদের দাবি যৌক্তিক ছিল। কিন্তু সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রথমে এ সিদ্ধান্ত নেওয়া যায়নি। আশা করি, এ সিদ্ধান্তে শিক্ষার মান বাড়বে।’
তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষকরা। বিকালে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয় পুলিশ। এরপর থেকে টানা দশম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন তারা।
এরপর শুক্রবার জুমার নামাজের পর থেকে অনশন শুরু করেন তারা।
শিক্ষকদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত রোববার সকালে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর সার্বিক বাস্তবতা মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।
কিন্তু তা প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। পরে মঙ্গলবার আবার সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষা উপদেষ্টা। সেখানেই এই সিদ্ধান্ত হয়।


