রাশিয়ায় ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

রাশিয়ায় ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
রাশিয়া সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান । ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় এক লাখে উন্নীত করার বিষয়ে আলোচনা চলছে। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে রাশিয়ায় কর্মরত রয়েছেন।

রাশিয়া সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রুশ কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার প্রস্তাব উত্থাপন করলে তারা বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শিগগিরই সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বর্তমান বাণিজ্য সম্ভাবনার তুলনায় অনেক কম। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধসহ বিভিন্ন পণ্যের রপ্তানি দ্রুত বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন।

আরও পড়ুন

এ বিষয়ে রাশিয়া থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে সফরের আমন্ত্রণ জানানো হলে রুশ পক্ষ তা স্বাগত জানায়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ ধরনের সফর আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।

সফরে প্রযুক্তি খাতে সহযোগিতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী কৃষি ও স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তির ব্যবহার বিষয়ে একটি রুশ বিশেষজ্ঞ দলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন। রুশ কর্তৃপক্ষ এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।

এ ছাড়া বাংলাদেশের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি প্রণয়ন এবং এআই বিষয়ে উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছে রাশিয়া।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad