দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে একাধিক মামলার আসামি হিসেবে তালিকাভুক্ত সাত ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আবেদন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালত সূত্র অনুযায়ী, যাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে আদালতে আবেদন করা হয়েছে তারা হলেন—লিজেন্ড হোল্ডিংসের প্রোপ্রাইটর সৈয়দ মোহাম্মদ আবদুল হাই, এম কামাল হোসেন, মোহাম্মদ জহিরুল হক, মো. বজলুর রশিদ খান, সফিউর রহমান, কমোডিটি ইন্সপেকশন সার্ভিসেস (বিডি) লিমিটেডের পরিচালক খন্দকার রবিউল হক এবং রয়েল ইনসপেকশন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান শেখ সাজেদ আলী।
দুদকের আবেদনে বলা হয়, এই আসামিদের বিরুদ্ধে চলমান তদন্তের স্বার্থে এবং বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন। এতে করে তারা যেন তদন্ত ও বিচার কার্যক্রমে প্রভাব বিস্তার বা আত্মগোপনের সুযোগ না পান, সে বিষয়টি নিশ্চিত করা যাবে।
ভবিষ্যতে তদন্তকালে অন্য কোনো আসামির বিদেশ গমন রোধ করার প্রয়োজন হলে তদন্ত কর্মকর্তা স্বপ্রণোদিত হয়ে আদালতে আবেদন দাখিল করতে পারবেন বলেও দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।


