ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
বুধবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক নানা পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জাহেদুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্র আবার ইরানের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোতে নিষেধাজ্ঞা দিচ্ছে। এটা যদি কার্যকর হয়, যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে।’
‘সরকারের জন্য লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া কঠিন হবে’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘ সরকার এপ্রিল মাসে তেলের দাম বাড়াবে না, এটা এরইমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। যদি ইরান সংকট চলতে থাকে তাহলে সামনের দিনগুলোতে তেলের দাম সমন্বয় করতে হতে পারে।’
এদিকে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানো হবে কিনা তা পর্যালোচনা করতে গত সপ্তাহে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
এরই মধ্যে জ্বালানি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা ফার্নেস অয়েল ও ডুয়েল ফুয়েলের দাম বাড়িয়েছে সরকার। তবে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম এ মাসে সমন্বয় করা হয়নি। এখনো তা মার্চ মাসের দামেই বিক্রি হচ্ছে।


