বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
একই সঙ্গে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার এসএম শিবলী নোমানের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন জ্যেষ্ঠ স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন। আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ রয়েছে, তিনি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
অন্যদিকে, শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক রুবেল হোসেন। আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনার স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো জরুরি বলে দুদক উল্লেখ করে।


