কঠোর নিরাপত্তার মধ্যেও পলোগ্রাউন্ড থেকে ‘মাইক চুরি’

কঠোর নিরাপত্তার মধ্যেও পলোগ্রাউন্ড থেকে ‘মাইক চুরি’
Advertisement
Advertisement

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সাউন্ড সিস্টেমের মালামাল চুরির ঘটনা ঘটেছে।

রোববার সকালে এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা রাজ সাউন্ড সিস্টেম কর্তৃপক্ষ।

অভিযোগে বলা হয়েছে, জনসভায় ব্যবহারের জন্য পলোগ্রাউন্ড মাঠে স্থাপন করা সাউন্ড সিস্টেমের ১৮টি মাইক ইউনিট ও পাঁচ কয়েল তার শনিবার রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে চুরি হয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য দুই লাখ ১২ হাজার ৫০০ টাকা।

জনসভাকে ঘিরে পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া ড্রোন ওড়ানোসহ অস্ত্র, বিস্ফোরক, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবুও চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

রাজ সাউন্ড সিস্টেমের স্টাফ আবদুর রাজ্জাক জানান, জনসভাকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে মাঠ ও আশপাশে প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়। শনিবার রাতে এক দফা লাইন পরীক্ষা শেষে তারা চলে যান। মাইকগুলোর নিরাপত্তায় রাস্তায় দুজন কর্মী টহলে ছিলেন।

রোববার সকালে আবার পরীক্ষা করতে গিয়ে দেখি ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার নেই, বলেন তিনি।

তিনি জানান, খোয়া যাওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ ফুট উচ্চতায় স্থাপন করা ছিল। বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

এ বিষয়ে জানতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ জানান, তিনি সারাদিন ব্যস্ত থাকায় বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানতে পারেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad