ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। ফলে, আপাতত বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচন করতে কোন বাধা নেই।
একটি রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে মোবাশ্বেরের পক্ষে শুনানি করেন এম জমির উদ্দিন সরকার। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।
মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মোবাশ্বের আলম ভূঁইয়া হাইকোর্টে রিট আবেদন করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ এল।
জেলা পর্যায়ে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে বাদ পড়েন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। মনোনয়ন ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও সেটি নামঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)।


