সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কিংস অ্যারেনায় দর্শকশূন্য ম্যাচ আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে শাস্তি পুরোপুরি প্রত্যাহার না করে দেওয়া হয়েছে ‘স্থগিত দণ্ড’ হিসেবে। অর্থাৎ, আগামী ছয় মাসে এমন ঘটনা পুনরাবৃত্তি হলে তখনই কার্যকর হবে এই শাস্তি—টানা ছয়টি ম্যাচ দর্শকবিহীন মাঠে আয়োজন করতে হবে কিংসকে।
বাফুফের শৃঙ্খলা কমিটি এর আগে বসুন্ধরা কিংসকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠায়। জবাবে কিংস নিজেদের অবস্থান তুলে ধরলেও, অভিযোগের দায়ভার আংশিকভাবে আবাহনী, মোহামেডান ও তাদের সমর্থকদের ওপর চাপানোর চেষ্টা করেছে। সেইসঙ্গে কঠোর সিদ্ধান্ত না নেওয়ার জন্য বাফুফের প্রতি আহ্বানও জানিয়েছে ক্লাবটি।
প্রথমে শৃঙ্খলা কমিটি দর্শকশূন্য ম্যাচের সিদ্ধান্তে অনড় থাকলেও, পরে বাস্তবতা বিবেচনায় কিছুটা নমনীয় হয়। কারণ, বসুন্ধরা গ্রুপ শুধুমাত্র দেশের ফুটবল লিগের অন্যতম প্রধান পৃষ্ঠপোষকই নয়, তাদের মালিকানাধীন কিংস অ্যারেনা বাফুফের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয় নিয়মিত।
শৃঙ্খলা কমিটির এক সদস্য একটি দেশীয় গণমাধ্যমকে বলেন, “আমরা প্রথমে হাঙ্গামার ঘটনার জন্য কঠোর অবস্থান নিয়েছিলাম। কিন্তু বাস্তব জটিলতা আছে। কিংস যদি অসহযোগিতা করে, তাহলে ফেডারেশনই বিপাকে পড়বে। তাই অনুরোধ ছিল, একটু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার।”
ফলে আপাত সমঝোতার ভিত্তিতে কিংসের জন্য ৬ ম্যাচের শাস্তি থাকছে, তবে সেটি ছয় মাসের জন্য স্থগিত। এই সময়ের মধ্যে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হলে শাস্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে নতুন করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তৎক্ষণাৎ কার্যকর হবে পুরোনো শাস্তি।
এদিকে, আলোচিত ঘটনার আরেক কেন্দ্রীয় চরিত্র কিংস ডিফেন্ডার সাদ উদ্দিনও পেয়েছেন কারণ দর্শানোর নোটিশ। অভিযোগ অনুযায়ী, ২ মে আবাহনীর বিপক্ষে ম্যাচে তিনি ম্যাচ কমিশনারকে ধাক্কা দেন। জবাবে তিনি ঘটনার সময় ‘মানসিক ভারসাম্য’ ঠিক ছিল না বলে দাবি করেছেন। নিয়ম অনুযায়ী, ম্যাচ অফিসিয়ালকে ধাক্কা দেওয়ার সর্বোচ্চ শাস্তি ৬ ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে।
শুধু প্রিমিয়ার লিগ নয়, শৃঙ্খলার খড়্গ নেমেছে দ্বিতীয় স্তরের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগেও। ১১ মে বাফুফে এলিট একাডেমি ও সিটি ক্লাবের ম্যাচে রেফারির ওপর হামলার ঘটনায় সিটির তিন কর্মকর্তা ৬ ম্যাচ বা ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। একই সঙ্গে এক ফুটবলার ও বলবয়কেও শাস্তির আওতায় আনা হয়েছে।
এ ছাড়া সিটি ক্লাবসহ আরও দুই ক্লাবকে আর্থিক জরিমানা করা হয়েছে, প্রতিটি প্রায় ১০ হাজার টাকা করে।
বাফুফের শৃঙ্খলা কমিটি এই সিদ্ধান্তগুলো নিয়েছে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়নি।
শিরোনাম
- চবি শিক্ষার্থীদের জন্য বাস চালুর দাবিতে চাকসুর অবস্থান কর্মসূচি
- প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: এনসিপি নেতা তানভীর ৩ দিনের রিমান্ডে
- এসএসসিতে ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার রাজশাহী বোর্ডে
- পাঁচ মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা আ.লীগের সাধারণ সম্পাদক
- ডিএমপির ৭ ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন
- সিআইডি কর্মকর্তাকে চড় ও হত্যার হুমকি, কৃষকদল নেতা গ্রেপ্তার
- বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশানুরূপ ফল না পেয়ে বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা
Monday, 10 August 2026


