তীব্র শীত জেঁকে বসেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। ঘন কুয়াশায় ছেয়ে আছে আকাশ। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের।
আবহাওয়া অফিসের ওয়েবসাইট থেকে জানা যায়, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিরাজগঞ্জে- ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিনও যশোরে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
সেই সঙ্গে বলা হয়, শনিবার সারাদেশে অস্থায়ী ও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দুপুর পর্যন্ত কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে ঢাকা ও আশেপাশের এলাকায় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
এর আগে শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া দেশব্যাপী পূর্বাভাসে বলা হয়, বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করে আবহাওয়া অফিস। নতুন বছরের শুরুতেই তীব্র শীতের সতর্কতা দিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, জানুয়ারি মাসজুড়েই দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় কিছু এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলেও সতর্ক করা হয়।


