বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার যাচাই-বাছাই শেষে সকাল ১০টা ২৫ মিনিটে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন বগুড়া জেলা প্রশাসক ও নির্বাচনকালীন রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।
একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, একই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আয়কর রিটার্ন জমা না দেওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আইনি জটিলতা থাকবে না।
কমিশনের পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া আছে, পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ভোটার নিবন্ধনের পদ্ধতি চূড়ান্ত করা হবে।


