৯ বিমা প্রতিষ্ঠানে আইডিআরএ’র পরিদর্শন শুরু

৯ বিমা প্রতিষ্ঠানে আইডিআরএ’র পরিদর্শন শুরু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত থাকার পরও বিভিন্ন নামে কমিশন দেওয়ার অভিযোগের তদন্ত করতে নয়টি সাধারণ বিমা প্রতিষ্ঠানে পরিদর্শন শুরু করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, ব্যক্তি এজেন্সি কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পরও কিছু বিমা কোম্পানি ব্যবসা বাড়াতে বেতন-ভাতা, ‘নো ক্লেইম বোনাস’সহ বিভিন্ন খাতে কমিশনের মতো অর্থ পরিশোধ অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) আবেদনের পর এবং নন-লাইফ বিমা কোম্পানিগুলোর সম্মতিতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত করা হয়। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতিযোগিতাকে আরও স্বচ্ছ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে খাতসংশ্লিষ্টদের অভিযোগ, নিষেধাজ্ঞার পরও কিছু প্রতিষ্ঠান বিকল্প ব্যবস্থায় কমিশন দেওয়া অব্যাহত রাখায় বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে এবং নিয়ন্ত্রকের নির্দেশনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন

এ পরিস্থিতিতে অভিযোগের সত্যতা যাচাই এবং বিধি-বিধান প্রতিপালন পর্যবেক্ষণের লক্ষ্যে আইডিআরএ তিনটি পরিদর্শক কমিটি গঠন করেছে। গত ৪ জুন জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আলাদা তদন্ত দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনের আওতায় রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স পিএলসি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।

আইডিআরএ জানিয়েছে, পরিদর্শন শেষে কর্তৃপক্ষের ভিজিল্যান্স টিমে প্রতিবেদন জমা দেওয়া হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইডিআরএর সদস্য (সাধারণ বিমা) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘অভিযোগের বিষয়গুলো যাচাই করতেই এই পরিদর্শন পরিচালনা করা হচ্ছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad