বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমান ও তার মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় জিএম কাদের তারেক রহমানের প্রতি শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাকে ও তার দলকে যে দায়িত্ব দিয়েছে, তা তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে সক্ষম হবেন।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দ্রুত দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। সাংবিধানিক ধারা ফিরে আসবে এবং সংবিধানে বর্ণিত মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তার নিরাপত্তা এবং নারী অধিকারসহ সকল সাংবিধানিক অধিকার মানুষ যথাযথভাবে ভোগ করতে পারবে।
আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে মানুষ তাদের সকল আইনি অধিকার ফিরে পাবে বলেও তিনি আশা করেন।
তিনি আরও বলেন, নানামুখী ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে তা পুনরুদ্ধার হবে। সর্বশেষে তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য ও কর্মময় জীবনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।


