মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৮টায় কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ দিয়ে চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ডসংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। ওই বোর্ড থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২২ হাজার ৫০০ কেজি আলু, ২৩০ লিটার ডিজেল জব্দ এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়। পরে ফিশিং বোটটিও জব্দ করা হয়।
তিনি জানান, জব্দ করা মালামাল এবং আটক পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


