বান্দরবানের লামা উপজেলায় বন বিভাগের বিশেষ অভিযানে একটি জীবিত বন্য হরিণ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুঝিরি সংলগ্ন এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।
লামা বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য বন্যপ্রাণী পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে এমন তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম কবিরের নেতৃত্বে একটি বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় প্রায় ১০ কেজি ওজনের একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান টাইমস অব বাংলাদেশ-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত এই অভিযান পরিচালনা করা হয়। বনকর্মীরা ঘটনাস্থল থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হরিণটি অবৈধভাবে আটক করে কোথাও পাচারের প্রস্তুতি চলছিল। বন্যপ্রাণী সংরক্ষণে নিয়মিত অভিযান চলবে।’
তিনি আরও জানান, উদ্ধার করা হরিণটি বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম কবির বলেন, ‘বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে একটি নির্জন স্থানে বাঁধা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে সেটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পাহাড়ি এলাকায় বন্যপ্রাণী শিকার ও পাচারের ঘটনা পুরোপুরি বন্ধ না হলেও নিয়মিত অভিযান ও নজরদারির ফলে তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে জানান বন বিভাগের এ কর্মকর্তা। তবে, স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা ছাড়া এ ধরনের অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়ে কোনো ধরনের অবৈধ শিকার বা পাচারের তথ্য পেলে দ্রুত প্রশাসন ও বন বিভাগকে অবহিত করার অনুরোধ করেছে বন বিভাগ।


