দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।
একই সময়ে নতুন করে ৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৫ জন ডিএনসিসি এলাকায় ও ১৩৫ জন খুলনা বিভাগে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ডিএসসিসি এলাকায় ১০৬ জন, বরিশাল বিভাগে ৯৮, চট্টগ্রাম বিভাগে ৯৪, ময়মনসিংহ বিভাগে ৬১, ঢাকা বিভাগে ৫১, রাজশাহী বিভাগে ৪৬, রংপুর বিভাগে ২৪ ও সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। তারা ডিএনসিসি, খুলনা ও ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত আক্রান্ত ২৫ হাজার ৬০১ জনের মধ্যে পুরুষ ১৫ হাজার ৮০৩ ও নারী ৯ হাজার ৭৯৩ জন।
আক্রান্তদের ৬১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৩ শতাংশ নারী। সবচেয়ে বেশি আক্রান্ত ১৬ থেকে ৩০ বছর বয়সীরা।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ৪৩ জন নারী ও ৩১ জন পুরুষ। নারীর মৃত্যুর হার ৫৮ দশমিক ১ শতাংশ এবং পুরুষের ৪১ দশমিক ৯ শতাংশ।
এ পর্যন্ত ২৫ হাজার ৬০১ জন আক্রান্তের মধ্যে ২৩ হাজার ৭৪৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৮০ জন।
চলতি আগস্টের প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৯১ জন। এ সময়ে মারা গেছেন ২০ জন।


