দেশের অভিনয় অঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম তারিক আনাম খান। মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—সব মাধ্যমেই দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে নিজের অভিনয়শৈলীর স্বাক্ষর রেখে চলেছেন তিনি। তার অভিনয় একাধিক প্রজন্মের দর্শকের কাছে যেমন অনুপ্রেরণার, তেমনি অভিনয়শিল্পীদের জন্যও শিক্ষণীয়।
এবার এই কিংবদন্তি অভিনেতার কাছ থেকে সরাসরি অভিনয় শেখার সুযোগ করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চরকি কার্নিভাল’, যেখানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তারিক আনাম খানের একটি মাস্টারক্লাস।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, মাস্টারক্লাসে অংশগ্রহণের জন্য আগ্রহীদের ২২ জুনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সীমিত পরিসরের এই আয়োজনে অংশ নিতে পারবেন মাত্র ২৫ থেকে ৩০ জন। আগে নিবন্ধনকারীরাই অগ্রাধিকার পাবেন।
৩ জুলাই সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এই বিশেষ সেশন। মাস্টারক্লাসে ক্যামেরার সামনে অভিনয়, চরিত্র নির্মাণ, সংলাপ উপস্থাপনসহ অভিনয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশিক্ষণ দেবেন তারিক আনাম খান।
উল্লেখ্য, ‘চরকি কার্নিভাল’-এ ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন কনটেন্টকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি প্রয়াত কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে।


