শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর এলাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে ৩ টন বা তার চেয়ে বেশি ওজনের ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, লরি ও ডাম্প ট্রাকসহ সব ধরনের ভারী যানবাহন নগর এলাকায় প্রবেশ করতে পারবে না।
তবে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এ ধরনের যানবাহনকে নগরীর আউটার রিং রোড ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।


