টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে যে বিতর্ক চলছিল, তা নতুন করে তীব্র হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালকের মন্তব্যে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ।
বিতর্কের শুরু গত বৃহস্পতিবার। একটি অনুষ্ঠানে টি–টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত তুলে ধরেন তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি। তামিমের সেই বক্তব্যের একটি ফটোকার্ড পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ‘ফ্রেন্ডস’ প্রাইভেসিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’ মন্তব্যটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে হামিন আহমেদ লিখেছেন, একজন বিসিবি পরিচালক কীভাবে এমন দায়িত্বশীল অবস্থানে থেকে দেশের অন্যতম সেরা ক্রিকেটারকে এভাবে অপমান করতে পারেন, তা তাঁর বোধগম্য নয়। তামিম ইকবালকে ‘দালাল’ আখ্যা দেওয়াকে তিনি অগ্রহণযোগ্য ও অশোভন আচরণ হিসেবে উল্লেখ করেন।
হামিন আরও বলেন, একজন প্রাক্তন জাতীয় ক্রিকেটার হিসেবে তিনি এ বক্তব্যের তীব্র নিন্দা জানান। তাঁর মতে, ওই পরিচালকের মন্তব্য লজ্জাজনক এবং দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই বিসিবির উচিত তাঁকে এই পদ থেকে সরিয়ে নেওয়া এবং তামিম ইকবালসহ দেশের ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া।
এদিকে এই ঘটনার পর তামিম ইকবালের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন স্পিনার তাইজুল ইসলাম, সাবেক অধিনায়ক মুমিনুল হক ও পেসার তাসকিন আহমেদ। পাশাপাশি ক্রিকেটারদের সংগঠন কোয়াবও বিসিবির কাছে একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে।


