নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা রান পাননি। সেন্ট্রাল জোনের বিপক্ষে ৯ রানের মধ্যেই ফিরেছেন নর্থ জোনের এই দুই টপ অর্ডার ব্যাটার। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ১২-তম বিসিএল ওয়ানডে ভার্সনে এরপর চলেছে তানজিদ তামিম আর তাওহিদ হৃদয়ের দাপট, শেষটায় ঝড় তুলেছেন ঘরের ছেলে সাব্বির রহমান।
শনিবার তানজিদ ৮ রানের আক্ষেপ নিয়ে ফিরলেও হৃদয় করেছেন সেঞ্চুরি, সাব্বিরের মারকুটে ইনিংসে দলের সংগ্রহ ছুঁয়েছে ৩২২/৭।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও তানজিদ-হৃদয়ের ১৩৫ রানের জুটিতে সামলে ওঠে নর্থ জোন। ৯২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০০ স্ট্রাইকরেটের ইনিংস খেলে তানজিদ যখন আউট হন, দলের রান তখন ১৪৪। এরপর আকবর আলী ফিরলে সাব্বিরের সাথে ৯৮ রানের জুটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরি ছুঁয়েছেন হৃদয়। আবু হায়দার রনির বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১০২ রানের ইনিংস। ১১৩ বলের এই ইনিংসে বাউন্ডারি ছিল চারটি।
হৃদয়ের সাথে সেই জুটিতে এবং জুটি শেষে সেন্ট্রালের বোলারদের পিটিয়ে স্বভাবজাত আগ্রাসী ব্যাটিং করেছেন সাব্বির। ৫১ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৭৩ রান করে বোল্ড হয়েছেন রিপন মন্ডলের বলে। চার উইকেট নিয়েছেন সেন্ট্রালের বাঁহাতি পেসার আবু হায়দার রনি।


