পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের একাদশে আসেনি কোনো বদল। সৌম্য সরকারের ফেরার একটা গুঞ্জন থাকলেও বাংলাদেশ ভরসা রেখেছে তানজিদ হাসান-সাইফ হাসানের ওপেনিং জুটিতেই।
প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দারুণ শুরু পেয়েছে এই জুটি। তানজিদের ফিফটির সাথে সাইফের দেখেশুনে করা ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই ১০৫ রান তুলেছে বাংলাদেশ।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলছেন তানজিদ। চারটা ছক্কা আর তিনটি চারের মারে ক্যারিয়ারের ষষ্ঠ আর সিরিজের দ্বিতীয় ফিফটি পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তানজিদ ফিফটি পেলেও ইনিংস বড় করতে পারেননি সাইফ। ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে শাহীন শাহ আফ্রিদিকে ডাউন দ্য গ্রাউন্ডে মারতে এসে বোল্ড হয়েছেন তিনি। এর আগে তিন চারের মারে ৫৬ বলে ৩৩ রান করেন এই ডানহাতি ওপেনার।
২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২৩ রান। তানজিদ অপরাজিত ৭১ রানে, নাজমুল হোসেন শান্ত ব্যাট করছেন ১০ রানে।


