পিকেএসএফের ক্রেডিট গ্যারান্টি স্কিমে ১২ প্রতিষ্ঠানের চুক্তি

পিকেএসএফের ক্রেডিট গ্যারান্টি স্কিমে ১২ প্রতিষ্ঠানের চুক্তি
রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে ব্যাংক ও আর্থিক কোম্পানির সঙ্গে ক্রেডিট গ্যারান্টি চুক্তি সই অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের (সিইএস) আওতায় ১১টি ব্যাংক ও একটি আর্থিক কোম্পানির সঙ্গে পৃথক ১২টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি সই হয়েছে। এসব চুক্তির আওতায় ২০২৬-২৭ অর্থবছরে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোকে ক্ষুদ্র উদ্যোগ অর্থায়নের জন্য সর্বমোট ২ হাজার ৮০০ কোটি টাকার গ্যারান্টিযুক্ত ঋণ দিতে পারবে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক কোম্পানিগুলো।

চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (ইউবিকো)।

রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১ এ আয়োজিত অনুষ্ঠানে পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা উপব্যবস্থাপনা পরিচালকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, দেশের স্বল্প আয়ের মানুষকে উদ্যোক্তায় রূপান্তরের উদ্যোগে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সম্পৃক্ত করতেই এ স্কিম চালু করা হয়েছে।

আরও পড়ুন

তার ভাষ্য, এ স্কিমের আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে তা বিতরণ করবে এবং ঋণের গ্যারান্টি দেবে পিকেএসএফ। পিকেএসএফের তদারকির মাধ্যমে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যাংকিং খাতের অর্থ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে পিকেএসএফের ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পিকেএসএফ জানায়, ২০২৫ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের কার্যক্রম শুরু হয়। বাস্তবায়নের প্রথম বছরে ১০টি ব্যাংক ও একটি আর্থিক কোম্পানি এ স্কিমে যুক্ত হয়। এর মধ্যে ৬টি ব্যাংক ও একটি আর্থিক কোম্পানি ২৬টি সহযোগী সংস্থার ক্ষুদ্র উদ্যোগ অর্থায়নে মোট ১ হাজার ৮২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর