জুলাই সনদ বাস্তবায়নের আগে গণভোটের আয়োজন করা না হলে জাতীয় সংসদ নির্বাচনও হতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
মঙ্গলবার রাজধানীর পল্টনে আয়োজিত আট দলের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সংসদ নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দল এই সমাবেশের আয়োজন করে।
শফিকুর রহমান বলেন, ‘জামায়াতসহ আট দল ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন চায়। কিন্তু তার আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এজন্য সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে গণভোটের কোনো বিকল্প নেই।’
দাবি আদায়ে আন্দোলনরত আটটি দল শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি।
সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেন, ‘যারা জুলাই সনদ বাস্তবায়ন চান না তাদের সংসদ নির্বাচন করার কোনো অধিকার নেই।’
একই সুরে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের আগেই গণভোট করতে হবে।’
দলগুলোর শীর্ষ নেতারা জুলাই সনদ ইস্যুতে বিএনপি’র কঠোর সমালোচনাও করেন।
সংসদ নির্বাচন আয়োজনের আগে গণভোটের দাবিতে আন্দোলনরত অন্য দলগুলো হচ্ছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, সংসদ নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার ও আওয়ামী লীগের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধ করা।


