রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু এবং তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি জানান, তদন্ত কর্মকর্তা তদন্তকাজ দ্রুতই সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়েছেন অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনালে চলছে বলেও জানান তিনি।
এর আগে, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরুর কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। আমরা সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং বলা যেতে পারে যে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি।’
‘পুরোদমে শুরু হলে আমরা বলতে পারবো দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর রয়েছে। তবে অভিযোগটি আমরা এখন গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের কাজ করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে’ বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘চলতি মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো। অনেকগুলো মামলার ট্রায়াল চলছে। বেশ কয়েকটি মামলার ট্রায়াল শেষপর্যায়ে রয়েছে। এছাড়া মামলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। অনেক বড় বড় মামলার চার্জশিট দাখিল হবে। ফরমাল চার্জও দাখিল হবে বলেও আমরা আশা করছি।’


