যশোরে নানা বাড়িতে বেড়াতে গিয়ে আলাদা দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার লাউখালীতে মোহাম্মদ মুজাহিদ (৭) এবং আপন হোসেন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়। মুজাহিদ এবং আপন সম্পর্কে খালাতো ভাই। একইদিনে চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়ায় তাওহীদ হাসান (৫) নামে আরও এক শিশুর মৃত্যু হয়।
শিশু মুজাহিদের খালু মফিজুর রহমান জানান, তারা দুইজনই সাতমাইলে নানা বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। সেখানেই খেলার সময় অসাবধানতাবশত দুইজনেই পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে দুইটি শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুজাহিদকে মৃত ঘোষণা করা হয়। আপনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার সময় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুইজনই পানিতে ডুবে মারা গেছে।
এদিকে, একইদিন চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের কাঁঠালতলার বিপুলের ছেলে তাওহীদ হাসান পাশ্ববর্তী ইসলামপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যায়। সেখানে পানিতে ডুবে মৃত্যু হয় শিশুটির।
তাওহীদের নানা তরফ আলী জানান, সকালে সবার অজান্তে তাওহীদ খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, বর্তমানে দুই শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আরেক শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়নি।


