জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামছুল আলম দুদুর বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার স্ত্রী মেহের নিগার এবং সন্তান সোহেলী নাজমিন তানিয়া ও মেহেরাজ আলমের বিদেশযাত্রায়।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামছুল আলম দুদুর ২০১৪ সালে নির্বাচনের হলফনামায় সম্পদ দেখানো হয় ২০ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু বর্তমানে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানকালে জানা গেছে, সামছুল আলম দুদু এমপি থাকাকালে নিজ ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বিপুল সম্পদ অর্জন করে মানিলন্ডারিংয়ের মাধ্যমে তা অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। অভিযুক্তরা দেশত্যাগ করতে পারেন বলে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন আটকানো দরকার।
২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার জয়পুরহাট-১ আসন থেকে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সামছুল আলম দুদু।


