পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছর ২৮ আগস্ট প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সাইফুদ্দীন আহমদ টাইমস অব বাংলাদেশকে জানান, ‘ব্যক্তিগত কারণে’ তিনি প্রক্টরের দায়িত্ব থেকে সরে যেতে চান। এরইমধ্যে উপাচার্য বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
তিনি বলেন, ‘গত ২০ মাস দায়িত্বে ছিলাম, এখন সবকিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই এখন আমি নিজের বিভাগ ও পরিবারকে সময় দিতে চাচ্ছি।’
‘আমি যখন ডিপার্টমেন্টে যাই, তখন মনে হয় ডিপার্টমেন্টে আমি যেন গেস্ট। আই ক্যান নট গিভ দেম টাইম’, যোগ করেন সাইফুদ্দীন আহমদ।
এদিকে প্রক্টরের পদত্যাগপত্র জমা দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিভিন্ন গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রক্টরের বিষয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব।’


