রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাদের স্থায়ী বহিষ্কার ও সনদপত্র বাতিলের দাবি জানিয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ (ডুজা)।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বরাবর সংগঠনটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়।
উপাচার্য কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে এই অভিযোগপত্র জমা দেন সাংবাদিকরা। অভিযোগপত্রে হামলার সঙ্গে সরাসরি জড়িত ১২ জন ছাত্রদল নেতাকর্মীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে এদিন বিকালের মধ্যে দোষীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের আলটিমেটাম দিয়েছেন তারা।
সাংবাদিক সমিতির পক্ষ থেকে তিনটি প্রধান দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো হামলায় জড়িত শিক্ষার্থীদের অবিলম্বে সাময়িক বহিষ্কার ও তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কার নিশ্চিত করা; যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের সনদপত্র বাতিল করা এবং ভিডিও ফুটেজ দেখে অজ্ঞাতনামা অন্য হামলাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা।
অভিযোগপত্র নিয়ে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এই ঘটনার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। যারাে এর জড়িত তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি। তাৎক্ষণিকভাবে দুটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আমরা কঠোর ব্যবস্থা নেব।’
উপাচার্য জানান, জুমার নামাজ শেষে প্রশাসনের সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জরুরি সভায় বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে দুই ডাকসু নেতার ওপর ছাত্রদল কর্মীদের হামলার ঘটনা ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হন সাংবাদিক সমিতির সদস্যরা। তারই প্রতিবাদে এদিন এই কর্মসূচি পালন করেন তারা।


