কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উজ্জ্বল হোসেন পেশায় ট্রাকচালক ছিলেন। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি এলাকায় আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তিনি। মাঝে মধ্যে তার ট্রাকের হেলপাররা সেখানে আসতেন। বাড়ির মালিক জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তার শেষ কথা হয়। সে সময় তিনি তিন হাজার টাকা ভাড়ার বকেয়া পরিশোধ করেন। এরপর কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মঙ্গলবার বিকালে তার ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিকের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিক দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বিছানার ওপর লেপে মোড়ানো অবস্থায় উজ্জ্বল হোসেনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


