জাপানের মিতসুবিশি ইউএফজে ফিন্যান্সিয়াল গ্রুপের এমইউএফজি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেনজি কিমুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উপাচার্য নিয়াজ আহমদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এমইউএফজি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, জাপানের মিতসুবিশি ইউএফজে ফিন্যান্সিয়াল ফাউন্ডেশন প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়। প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিবছর ৪৫০ মার্কিন ডলার করে বৃত্তি দেওয়া হয়।


