ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উচ্চতর গবেষণা কেন্দ্রগুলোতে বিশেষায়িত পদ্ধতিতে পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর অংশ হিসেবে বিজ্ঞান-সংশ্লিষ্ট অনুষদগুলোর অধীন বিভিন্ন গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগের জন্য প্রস্তুত প্রতিবেদন ও সুপারিশপত্র উপাচার্যের কাছে জমা দিয়েছে সার্চ কমিটি।
বিজ্ঞান অনুষদ সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রগুলোর পরিচালক নিয়োগের লক্ষ্যে গঠিত পাঁচ সদস্যের সার্চ কমিটি বৃহস্পতিবার বিশ্বদ্যিাল ঢাবি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে প্রতিবেদন হস্তান্তর করে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর। কমিটির সভাপতি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম প্রতিবেদনটি উপাচার্যের হাতে তুলে দেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, আর্থ অ্যান্ড ইনভাইরনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে মোট ১৫টি গবেষণা কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন করে শিক্ষকের নাম সুপারিশ করে ১৫টি প্যানেল উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের প্যানেল থেকে উপাচার্য একজনকে পরিচালক হিসেবে নিয়োগ দেবেন।
এতে আরও বলা হয়, প্যানেল তৈরির ক্ষেত্রে সার্চ কমিটি বিভিন্ন ধাপ অনুসরণ করেছে। কমিটি প্রথমে শিক্ষকদের কাছ থেকে সরাসরি আবেদন আহ্বান করে এবং মনোনীত প্রার্থীদের তালিকা সংগ্রহ করে। প্রতিটি শিক্ষকের ই-মেইলে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়।
পাশাপাশি অনুষদ-সভা মাধ্যমে সংশ্লিষ্ট ডিন প্রতিটি গবেষণা কেন্দ্রের জন্য পাঁচজন করে শিক্ষকের নামের তালিকা জমা দেন। সার্চ কমিটির সদস্যরা ব্যক্তিগত উদ্যোগেও দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক খুঁজে দেখেন। সব তথ্য যাচাই-বাছাই করে প্রজ্ঞা, অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন করে শিক্ষকের নাম চূড়ান্ত করা হয়।
প্রতিবেদন গ্রহণ করে উপাচার্য নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রগুলোকে আধুনিকায়ন ও আরও গতিশীল করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ নিশ্চিত করতে চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এটি একটি ইতিবাচক উদাহরণ।
এ সময় সার্চ কমিটির সদস্য বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আদনান কিবার উপস্থিত ছিলেন।


