ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম মারা গেছেন।
মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
হাজারও শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
এক শোক বাণীতে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন। এ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ কে এম নজরুল ইসলামের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার দুপুর ১২টায় উত্তরার ১০ নম্বর সেক্টরের জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বাদ আসর ময়মনসিংহের মুক্তাগাছায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


