নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ছবি: বাসস
Advertisement
Advertisement

নতুন উদ্যোক্তাদের সহায়তা প্রদানের জন্য ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিগগিরই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে। সোমবার (৭ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর স্টার্টআপ কানেক্ট সেশনের আলোচনায় এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, শুধু স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো মূলধনের জোগান পাবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিশেষ তহবিলের অর্থ বিতরণ করা হবে।

গভর্নর বক্তৃতায় বাংলাদেশে স্টার্টআপ খাতের সম্ভাবনার কথা তুলে ধরে মোবাইল আর্থিক সেবা বিকাশ-এর উদাহরণ দেন। তার প্রত্যাশা, ‘বাংলাদেশে ভবিষ্যতে বিকাশের মতো অন্তত ১০টি ইউনিকর্ন দেখতে চাই।’

স্টার্টআপ কানেক্ট সেশনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মনে করেন, বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোক্তার অভাব নেই। তিনি বলেন, ‘স্টার্টআপ তহবিলের সংকটে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারেন না। এ কারণেই বাংলাদেশ ব্যাংক ৮০০ থেকে ৯০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করতে যাচ্ছে।’

আরও পড়ুন

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) এবং বিডা’র যৌথ আয়োজনে স্টার্টআপ কানেক্ট সেশনে দেশের দ্রুতবর্ধনশীল স্টার্টআপ ইকোসিস্টেম ও বৈশ্বিক বিনিয়োগ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। এতে দেশি-বিদেশি তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন।

আইসিটি সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী বলেন, “অন্তর্বর্তী সরকার একটি ‘ফান্ড অব ফান্ডস’ গঠনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে বিভিন্ন উৎস থেকে বিনিয়োগ একত্রিত করা হবে। তহবিলটি প্রারম্ভিক ও প্রবৃদ্ধি পর্যায়ের স্টার্টআপগুলোকে সহায়তা প্রদান করবে, যাতে তারা সম্প্রসারণ, আন্তর্জাতিকীকরণ ও টেকসই হতে পারে।”

মূল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা তুলে ধরেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের স্বাধীন পরিচালক তানভীর আলী। প্যানেল আলোচনায় আরো অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, আলোচনা পর্বটি পরিচালনা করেন শেয়ার ট্রিপের সিইও সাদিয়া হক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad