ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহবাগ থানার ভেতরে হামলায় ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ অন্যান্য আহতদের দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এসময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপাচার্য চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ -খবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ঢাকার শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। জাইমা রহমানকে নিয়ে ‘কটুক্তির’ প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যার পর শাহবাগ থানায় অভিযোগ করতে যান ছাত্রদলের নেতাকর্মীরা, এসময় তারা ‘শিবিরবিরোধী’ বিভিন্ন স্লোগান দেন।
এক পর্যায়ে ডাকসু নেতা জুবায়ের ও মুসাদ্দিকসহ কয়েকজন ইসলামী ছাত্রশিবিরের কর্মী থানায় গেলে তাদের ওপর হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তারা থানার ভেতরে আশ্রয় নেন।


