জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ মামলার পরবর্তী শুনানি ২১ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে।
গত বছরের ১ ডিসেম্বর এই মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে ওই বছরের ২৫ সেপ্টেম্বর, সুনির্দিষ্ট আটটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। সেদিনই শুনানি শেষে ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ইতোমধ্যে প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট ইনু গ্রেপ্তার হন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইনু। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান তিনি।


