অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের ‘আত্মহত্যার’ ঘটনায় কয়েকটি প্রশ্নের উত্তর চেয়ে প্রতিষ্ঠানটির সম্পাদকের কাছে চিঠি দিয়েছেন পাঁচ নারী।
তারা হলেন- অধ্যাপক রেহনুমা আহমেদ, অধ্যাপক গীতিআরা নাসরীন, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, গবেষক ও অ্যাক্টিভিস্ট সায়দিয়া গুলরুখ ও ঢাকা বিশ্বদ্যিালয়ের শিক্ষক সামিনা লুৎফা।
নিজেদের বাংলাদেশে নারী আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দিয়ে ঢাকা স্ট্রিম সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদের কাছে লেখা চিঠিটি নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তারা।
চিঠিতে বলা হয়েছে, ‘স্বর্ণময়ী বিশ্বাস এবং আরও কয়েকজন নারী সহকর্মী আপনার কাছে বাংলা বিভাগের প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উত্থাপন করেছিলেন। আমরা জানতে চাই, এই অভিযোগের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আদালতের নির্দেশনা সাপেক্ষে আপনি কী কী পদক্ষেপ নিয়েছেন? আমরা জানতে চাই যে বিবৃতিতে উল্লেখিত দুই সদস্যের তদন্ত কমিটিতে হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী নারী-পুরুষের অনুপাত রক্ষিত হয়েছিল কিনা বা বহিঃস্থ সদস্য ছিল কিনা?’
‘আপনাদের দাবি অনুযায়ী, গৃহীত পদক্ষেপের ব্যাপারে অভিযোগকারীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ দাবির পক্ষে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা আমরা তা-ও জানতে চাই।’
উচ্চ আদালত থেকে ২০১০ সালে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ এবং অভিযোগ নিরসনের কতগুলো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয় বলে চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়।
স্বর্ণময়ীর মৃত্যুর পর ঢাকা স্ট্রিমের মানবসম্পদ বিভাগের দেওয়া বিবৃতি পড়ে কিছু প্রশ্ন জেগেছে উল্লেখ করে চিঠিতে তারা বলেন, ‘প্রশ্ন জাগে যে তদন্ত কমিটির কার্যপরিধি (টার্মস অব রেফারেন্স) কী ছিল? কারণ অভিযোগ ছিল যৌন হয়রানির, ‘অসৌজন্যমূলক’ আচরণের নয়। অথচ আপনাদের বিবৃতিতে দেখছি তদন্ত কমিটি ‘অসৌজন্যমূলক আচরণের’ প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নিয়েছে। আর শুধু বার্তাকক্ষ থেকে একজন বিভাগীয় প্রধানকে প্রত্যাহার করাটা যৌন হয়রানির বিরুদ্ধে আদৌ কোনো কার্যকর পদক্ষেপ কিনা এ প্রশ্নও করতে হচ্ছে আমাদের। কারণ এ ধরনের ঘটনায় অভিযুক্তকে সাময়িক বরখাস্তের নিয়ম থাকলেও আপনার প্রতিষ্ঠান যে তা করেনি সেটা আপনাদের বিবৃতি থেকে স্পষ্ট। ভুক্তভোগীদের কাছ থেকে আমরা যা জেনেছি, তা বিবৃতির বক্তব্য এবং যৌন হয়রানি প্রশ্নে ঢাকা স্ট্রিমের প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।’
এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগ এলাকায় নিজ বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাসের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ কমিশনার(ডিসি) ইবনে মিজান। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
মাস তিনেক আগে কর্মক্ষেত্রে ‘অনুপযুক্ত আচরণ’ করার অভিযোগে ঢাকা স্ট্রিমের বাংলা কনটেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌন নিপীড়নের অভিযোগকারীদের মধ্যে তিনিও ছিলেন। স্বর্ণময়ীর মৃত্যুর পর সেই বিষয়ে ব্যাখ্যা দিয়ে বিবৃতি দেয় ঢাকা স্ট্রিমের মানবসম্পদ বিভাগ। তবে এ বিষয়ে এখনও কোনও কথা বলেননি আলতাফ শাহনেওয়াজ।


