কুমিল্লায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৮ বছর বয়সী শিশুটির নাম মো. খালিদ হোসেন। সে উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সকালে দেবীদ্বার পৌর এলাকার বাবুস সালাম হাফিজিয়া মাদরাসা থেকে বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল খালিদ। পথে মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার ঝাঁকুনিতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কাভার্ডভ্যানটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রক্রিয়া চলছে।


