রবিবার শীতের দুপুরে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অন্যরকম এক উৎসবের আমেজ। গ্যালারি বা মাঠের আশপাশ, সবখানেই কিশোর ফুটবলারদের কলকাকলি। উপলক্ষটা ‘তারুণ্যের উৎসব ২০২৫’। আগামীর তারকা খোঁজার মঞ্চ ‘ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগ’-এর চূড়ান্ত পর্বের লড়াই শুরু হলো আজ ২১ ডিসেম্বর, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আজ দুপুরে স্টেডিয়াম প্রাঙ্গণে পা রাখতেই বোঝা গেল, এটি কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোরদের মিলনমেলা। দুপুর ১টা ৪৫ মিনিটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে এই আসরের। এরপর বেলা আড়াইটায় মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ। যেখানে স্বাগতিক নোয়াখালী অনূর্ধ্ব-১৫ জেলা দলের মুখোমুখি হয় বরিশাল অনূর্ধ্ব-১৫ জেলা দল। মাঠের লড়াইয়ে খুদে ফুটবলারদের দাপট আর গ্যালারির উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
অতিথিদের সরব উপস্থিতি নোয়াখালীর এই ফুটবল যজ্ঞে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কিশোরদের উৎসাহ দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
১২ জেলার লড়াই দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা সেরা ১২টি দল এই চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। দলগুলো হলো, নোয়াখালী, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, কক্সবাজার, রাজবাড়ী, বিকেএসপি, বরিশাল, ঝিনাইদহ, যশোর, বগুড়া ও রংপুর। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কিশোরদের পায়ের জাদুতে মেতে থাকবে নোয়াখালীর ক্রীড়াঙ্গন। বাফুফের এই উদ্যোগ তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে আনতে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন উপস্থিত ক্রীড়া সংগঠকরা।


