বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে সামনে রেখে রোববার অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। বসুন্ধরা স্পোর্টস সিটিতে দুপুর ২টায় অনুশীলন করেছেন নুরুল হাসান সোহান, নাহিদ রানা, লিটন দাস, রাকিবুল হাসানরা। গা গরমের ফুটবল শেষে পুরোদমে চলেছে নেট সেশন। ভিন্ন তিনটি নেটে ব্যাট করেছেন লিটন, সোহান ও তাওহিদ হৃদয়কে।
বসুন্ধরার সবকয়টি উইকেট ব্যাটিং সহায়ক হলেও গতির ঝড় তুলেছেন পেসার নাহিদ রানা। অনুশীলন শেষে জানিয়েছেন, আসন্ন বিপিএলের জন্য ভান্ডারে নতুন অস্ত্র যোগ করছেন তিনি। মূলত এক্সপ্রেস পেসের জন্য পরিচিতি থাকলেও ইয়র্কার আর স্লোয়ার ডেলিভারিও রপ্ত করছেন এই ডানহাতি পেসার। নেট সেশনেও হৃদয়-লিটনদের পরীক্ষা নিয়েছেন ভিন্ন ধরনের ডেলিভারিতে।
অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে নাহিদকে এবারের বিপিএলের প্রত্যাশা, পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘প্ল্যানিং নরমাল। এর আগে এমনি যেরকম প্ল্যানিং করতাম যে ম্যাচ বাই ম্যাচ আমি প্রত্যেকটা ম্যাচেই একটা জিনিসই চেষ্টা চেষ্টা থাকে যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আগানো। যে আমি আমার নিজের এবিলিটি অনুযায়ী টিমকে হেল্প করব এবং আমার কী এবিলিটি সেটা আমি জানি।’
গত বিপিএলেও রংপুরের হয়ে খেলেছেন নাহিদ। এবারের বিপিএলের নিলাম থেকে তাকে দলে টেনেছেন রংপুর। সেবারও গতির ঝড়ে সবার নজর কাড়েন তিনি। এবারের আসরে সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রশ্নে নাহিদ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো। এবং যে নতুন স্কিলগুলো নিয়ে কাজ করছি, ওই জিনিসটা ও এই বিপিএলে ডেলিভার করার চেষ্টা করব।’


