ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার দেশের কোনো স্থলবন্দর পেরিয়ে সীমান্তের ওপারে যাওয়া যাবে না।
সেদিন সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
মঙ্গলবার এক বার্তায় দেশের সব স্থলবন্দরের বহির্গমন ইমিগ্রেশন ভোটের দিন ২৪ ঘণ্টার জন্য বন্ধের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্বাচনের সময় কোনো ঝুঁকিপূর্ণ ব্যক্তি যেন দেশের ভেতরে প্রবেশ করতে না পারে এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে এমন কেউ যেন দেশ ছেড়ে যেতে না পারে সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯ আসনে শুরু হবে ভোটগ্রহণ। কোনো বিরতি না দিয়ে তা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে ভোটগণনা।
গণভোটের কারণে এবার ফলাফল প্রকাশে কিছুটা দেরি হবে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন।


