আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের মুখোমুখি ১৫ সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই করবেন না সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন। বৃহস্পতিবার তিনি এই সিদ্ধান্তের কথা বিবিসিকে জানিয়েছেন।
আইনজীবী সারোয়ার হোসেন বলেন, ‘মামলায় যে ১৫ সেনা কর্মকর্তার হয়ে আমি আইনি লড়াইয়ে নেমেছি, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতে নিজেই অভিযোগ দায়ের করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘অতীতে তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের যে অভিযোগ আমি করেছিলাম, তাদের মধ্যে একজন এই ১৫ সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন। এ কারণেই আমি এই মামলার আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’
যদিও বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও আইনজীবী এম সারোয়ার হোসেন।
এর আগে সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে এই আইনজীবী বলেছিলেন, সেনা কর্মকর্তাদের কেউ সরাসরি গুমের সঙ্গে জড়িত থাকলে তাদের পক্ষে আর আইনি লড়াই চালাবেন না তিনি।
তিনি বলেন, তার পেশাগত দায়িত্ব হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করা। তিনি কেবল তাদেরই পক্ষে থাকবেন, যারা নির্দোষ বা যারা ঘটনাটি প্রতিরোধ করতে না পারলেও সরাসরি এতে জড়িত ছিলেন না।
সেসময় সারোয়ার হোসেন জানিয়েছিলেন, ডিজিএফআইয়ের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) হামিদুল হকের পক্ষে লড়াই চালিয়ে যাবেন তিনি। কারণ তার মতে, এ দুজন সততা ও পেশাদারত্বের উদাহরণ।


