অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করেছে এনবিআর

অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করেছে এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড সদর দপ্তর। ছবি: ফেসবুক
Advertisement
Advertisement

ই-ভ্যাট সিস্টেম ব্যবহার করে করদাতারা এখন অনলাইনে ভ্যাট রিফান্ডের আবেদন করতে পারবেন এবং যাচাই–বাছাই শেষে সেই অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

ই-ভ্যাট সিস্টেমে রিফান্ড মডিউল সংযোজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার নতুন এই অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থার উদ্বোধন করা হয়।

করদাতাদের ভ্যাট রিফান্ড পেতে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নেয় সংস্থাটি।

অর্থ বিভাগের আইবিএএস প্লাস প্লাস সিস্টেমের সঙ্গে সংযোগ স্থাপন করে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবস্থার মাধ্যমে রিফান্ডের অর্থ সরাসরি করদাতার নির্ধারিত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে।

আরও পড়ুন

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের আওতাধীন তিনজন করদাতার ব্যাংক হিসাবে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত পাঠানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এনবিআর সূত্র জানায়, করদাতারা এখন থেকে মাসিক মূসক রিটার্ন দাখিলের সময় অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণ সম্পন্ন করলে করদাতাদের সশরীরে ভ্যাট কার্যালয়ে যাওয়া ছাড়াই রিফান্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, এই ব্যবস্থার মাধ্যমে রিফান্ড প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং সময়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। রিফান্ডের জন্য করদাতাদের আর ভ্যাট কার্যালয়ে না গিয়ে, প্রয়োজনীয় তথ্য বা সহায়তার জন্য সংশ্লিষ্ট মূসক কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এনবিআর।

এনবিআরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কর ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল করার চলমান উদ্যোগে করদাতাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ করদাতাদের জন্য বন্ধুত্বপূর্ণ ও জবাবদিহিমূলক কর ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করছে সংস্থাটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর