দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) মধ্যে ১ হাজার ৪ দশমিকি ২৯ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
‘ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ’ শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়িত হবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মাধ্যমে।
বৃহস্পতিবার সচিবালয়ে হওয়া এ চুক্তিতে সরকারের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে সই করেন সংস্থাটির কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাস আইসামি।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আল জাসের।
এই অর্থায়নের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের চলমান উন্নয়ন সহযোগিতা সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হলো।
উল্লেখ্য, বাংলাদেশে সংস্থাটির কোনো একক প্রকল্পে এটিই সর্বোচ্চ বিনিয়োগ। প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারির বর্তমান পরিশোধন সক্ষমতা ১ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে।
এর ফলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে, পরিবেশবান্ধব (ইউরো-৫ মানসম্পন্ন) পেট্রোলিয়াম জ্বালানি তেল উৎপাদন সম্ভব হবে এবং পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
আইডিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান ও বিশ্বস্ত বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী হিসেবে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন এবং রপ্তানি ঋণ গ্যারান্টিসহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করে আসছে।
চুক্তি সইয়ের পর আইডিবি গ্রুপের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেন।
প্রধানমন্ত্রী সহজ শর্তে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ ও আইডিবির সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


