রাজধানী ঢাকার আলাদা দুটি স্থানে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। রোববার রাতে শনির আখড়া এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাত দেড়টায় শনির আখড়া এলাকায় একটি ট্রাকের ধাক্কায় শাহ আলম (১২) নামের এক কিশোর নিহত হয়।
নিহত শাহ আলমের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বরাগ গ্রামে। সে স্থানীয় একটি মানিব্যাগ কারখানায় কাজ করত।
কারখানার মালিক জুবায়ের হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে রাস্তা পার হচ্ছিলেন শাহ আলম, তখন দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ট্রাক ও চালককে আটক করে পুলিশে হস্তান্তর করেন স্থানীয়রা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, শাহ আলমের মরদেহ মর্গে রাখা হয়েছে। কদমতলী থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।
একই রাত সাড়ে ১১টায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আরও একটি ট্রাক চাপায় নাজমুল হক (৪৭) নামের একজন মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল হকের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন এবং ব্যবসা করতেন।
নিহতের বোনজামাই আশরাফ উদ্দিন জানান, নাজমুল গ্রিন রোডে বোনের বাসায় যাওয়ার পথে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় নিহত হন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মো. ঈসমাইল জানান, ট্রাক চালক ঘটনার পর পালিয়ে গেছে। পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


