আইজিপি-ডিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে নতুন মুখের গুঞ্জন

আইজিপি-ডিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে নতুন মুখের গুঞ্জন
পুলিশ বাহিনীর লোগো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদসহ গুরুত্বপূর্ণ ছয়টি পদে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। বর্তমান আইজিপি বাহারুল আলম নিজেও দায়িত্ব থেকে সরে যেতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুলিশের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের ইঙ্গিত দেন। এর পর থেকে পুলিশ প্রশাসনে সম্ভাব্য রদবদল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। আইজিপি ছাড়াও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি), বিশেষ শাখা (এসবি) প্রধান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান–এই ছয়টি পদে পরিবর্তন আসতে পারে বলে জানতে পেরেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মরতরা ।

জানা গেছে, এই ছয় পদের মধ্যে প্রথম চারটিতে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত। প্রয়োজনে তাদের চুক্তি বাতিল করা হতে পারে। অন্যদিকে শেষ দুই পদে যারা আছেন, তারা একটি রাজনৈতিক দলের সুপারিশে নিয়োগ পেয়েছেন। সব মিলিয়ে আজ-কালের মধ্যেই বড় ধরনের রদবদল হতে পারে বলে বলে জানা গেছে।

আইজিপি হিসেবে আলোচনায় যাদের নাম

নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক (হাইওয়ে পুলিশ) দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার (সুপারনিউমারি অতিরিক্ত আইজি) হাসিব আজিজ এবং অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদের নাম বেশি শোনা যাচ্ছে।

আরও পড়ুন

এ ছাড়া ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আলোচিত ব্যারিস্টার জিল্লুর রহমানের নামও আইজিপি পদে আলোচনায় রয়েছে। অন্যদিকে, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) পদ থেকে কয়েক মাস আগে এলপিআর-এ যাওয়া মতিউর রহমান শেখ চাকরির মেয়াদ এক বছর বাড়ানোর আবেদন করলেও অন্তর্বর্তী সরকার তা মঞ্জুর করেনি। তবে একই সময়ে এসবি প্রধান ও র‌্যাবের ডিজির চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপি কমিশনার পদে সম্ভাব্য পরিবর্তন

ডিএমপি কমিশনার হিসেবে বর্তমান সিএমপি কমিশনার হাসিব আজিজের নাম বেশি আলোচনায় রয়েছে। পাশাপাশি মোসলেহ উদ্দিন আহমদ ও র‌্যাবে কর্মরত ডিআইজি ফারুক আহমেদের নামও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে সিএমপি কমিশনার পদেও নতুন মুখ দেখা যেতে পারে।

র‌্যাব ডিজি ও এসবি প্রধান পদে বিবেচনায় যারা

র‌্যাবের মহাপরিচালক পদে ব্যারিস্টার জিল্লুর রহমান ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশের নাম সরকারের বিবেচনায় রয়েছে। অন্যদিকে বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি (উন্নয়ন) সরদার নুরুল আমিনের নাম আলোচনায় আছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আইজিপি, র‌্যাব ডিজি ও ডিএমপি কমিশনার পদে চূড়ান্ত সিদ্ধান্তে দেরি হলে আলোচনায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকেই এসবি, সিআইডি প্রধান অথবা অতিরিক্ত আইজিপি (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad