নতুন অ্যাটর্নি জেনারেল হতে পারেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আইন মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
অন্তর্বর্তী সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল ছিলেন মো. আসাদুজ্জামান। তিনি বিএনপির টিকিটে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমাদানের আগে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন।
সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিএনপি সরকারে আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এরপর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ আরও কয়েকটি পদে নিয়োগের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। এরই অংশ হিসাবে অন্তর্বর্তী সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পাওয়া তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়। এই পদে নতুন নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম।
আইন মন্ত্রণালয় ও বিএনপি সূত্রে জানা গেছে, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের জন্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নাম আলোচনায় রয়েছে। তবে তাদের মধ্যে এগিয়ে আছেন রাগিব রউফ চৌধুরী।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি, ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি, ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে ডিগ্রি অর্জন করে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
রাগিব রউফ চৌধুরীর পিতা প্রয়াত আবদুর রউফ চৌধুরী ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।


