দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬১ জনের প্রাণহানি হয়েছে এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ১৯২ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। মৃত্যুবরণকারী পাঁচজনের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে চারজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৯৯ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহে ১৯ জন, চট্টগ্রামে ৯৮ জন, খুলনায় ১৪ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ৮ জন এবং বরিশালে ১৩১ জন ভর্তি হয়েছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে জুলাই মাসে, যেখানে ৪১ জনের মৃত্যু হয়। জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিল ও মে মাসে ৭ এবং ৩ জনের মৃত্যু হয়েছিল। জুনে ১৯ এবং আগস্টে ৩৯ জন প্রাণ হারান।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ হাজার ৩৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


