বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবি মেনে নিয়ে রাতের মধ্যে প্রজ্ঞাপন না দিলে বৃহস্পতিবার দুপুরে ‘এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান’ জাতীয়করণের একদফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘লং মার্চে’র ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
বুধবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটে’র সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি।
তিনি বলেন, ‘মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকাতে উত্তীর্ণ করা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির দাবিতে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। তাদের ন্যায্য দাবি মেনে নিলে তারা কর্মসূচির ইতি টানবেন। তবে রাতের মধ্যে শিক্ষকদের তিন দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে, কাল (বৃহস্পতিবার) দুপুরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের একদফা দাবিতে “লং মার্চ টু যমুনা” কর্মসূচি পালন করা হবে।’
একই সঙ্গে শিক্ষকদের তিন দাবি পূরণ না হওয়া পর্যণ্ত সারা দেশের এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনাও দিয়েছেন দেলোয়ার হোসেন আজীজি। প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত সারা দেশের শিক্ষকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত রোববার রাত থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা। বুধবার বিকালে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করেন তারা। তাদের দেড় ঘণ্টার অবরোধে যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানী। এরপর আবারও শহীদ মিনারে ফিরে যান শিক্ষকরা। রোববার রাত থেকে টানা চতুর্থ রাতের মতো সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আবুল বাশার হাওলাদার বলেছেন, ‘৩০ হাজারের বেশি এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসায় ২ কোটির মতো শিক্ষার্থী লেখাপড়া করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব প্রতিষ্ঠানই কর্মবিরতি থাকবে।’
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে দশ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বৈঠক করেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে অর্থ মন্ত্রণায় থেকে জানানো হয়েছে, শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির বিষয়ে হিসাব-নিকাশ করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত এলে ঘোষণা দিয়ে জানানো হবে।


