ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় শেখ মুজিবুর রহমানের ছবি পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সোমবার এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এ দাবি জানান। বিবৃতিতে তারা জিন্নাহর ছবি সংযোজন এবং শেখ মুজিবের ছবি অপসারণের উদ্যোগকে ‘ইতিহাস বিকৃতির প্রচেষ্টা’ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, মুহাম্মদ আলী জিন্নাহ তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনগণের ওপর উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন গড়ে ওঠে এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রাণ দেন কয়েকজন তরুণ।
ছাত্র ইউনিয়ন বলেছে, বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার শাসনামল নিয়ে পর্যালোচনা হতে পারে, তবে তাকে ইতিহাস থেকে মুছে ফেলার কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে ডাকসুতে জিন্নাহর ছবি সংযোজন এবং শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের সিদ্ধান্তের সমালোচনা করে বলা হয়, এর মাধ্যমে ইতিহাসের একটি নির্দিষ্ট ব্যাখ্যা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।
বিবৃতিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবিলম্বে জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনর্বহালের দাবি জানান। দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘যথাযথ ব্যবস্থা’ নেবেন বলেও উল্লেখ করা হয়।


